বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ বাংলাদেশের জন্য সুখবর। দর্শকদের ভোটে এগিয়ে থাকা সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
বুধবার (১৮ নভেম্বর) মিস ইউনিভার্স বাংলাদেশের প্রকাশিত সর্বশেষ ফ্যান ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই অবস্থান প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল নয়। চলমান দর্শক ভোটের ভিত্তিতে প্রকাশিত সাময়িক তালিকায় সেরা ৩০-এর মধ্যে রয়েছেন মাহি। তাই বাংলাদেশের প্রতিনিধিকে আরও এগিয়ে নিতে ভোট চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহিকে ভোট দিতে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে অ্যাপের ‘ভোট’ বিভাগে যেতে হবে। সেখানে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে বিনা মূল্যে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া বিনা মূল্যের ভোটের পাশাপাশি অর্থের বিনিময়েও অতিরিক্ত ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। অ্যাপের বিভিন্ন গেমে অংশ নিয়ে পয়েন্ট সংগ্রহের সুযোগও রয়েছে। সেই পয়েন্ট ব্যবহার করে পছন্দের প্রতিযোগীকে সমর্থন জানাতে পারবেন দর্শকেরা।
মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে সামিরা খান মাহির প্রতি সমর্থন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোটের তথ্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করেছে কর্তৃপক্ষ।
এদিকে দর্শক ভোটে সেরা ৩০-এ জায়গা করে নেওয়া মাহির জন্য উৎসাহব্যঞ্জক হলেও প্রতিযোগিতার মূল পর্বে তার চূড়ান্ত অবস্থান এখনো নির্ধারিত হয়নি। ফলে ফ্যান ভোটিংয়ের এই তালিকাকে মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক সেরা ৩০ নির্বাচনের ফল হিসেবে দেখার সুযোগ নেই।


