...|...|...

বিশ্ব

ইসরায়েলে গাড়িবোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৪
Shares
ইসরায়েলে গাড়িবোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের মধ্যাঞ্চলের আরব অধ্যুষিত শহর তিরায় গাড়িবোমা বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে দুই সন্তানকে সাথে নিয়ে গাড়িতে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। এতে তার দুই শিশুসন্তানও আহত হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম হায়া কাসেম। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ৩২ বছর বয়সী কাসেমের সাত ও দুই বছর বয়সী দুই সন্তান সামান্য আহত হয়েছে।

জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের এক চিকিৎসাকর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা শিশু দুটিকে গাড়ি থেকে বের করে আনতে সহায়তা করেন। পরে চিকিৎসাকর্মীরা কাসেমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে জাতীয়তাবাদী উদ্দেশ্য নেই। বিভিন্ন প্রতিবেদনে ঘটনাটিকে অপরাধমূলক সহিংসতার অংশ হিসেবে দেখা হচ্ছে। ভুল পরিচয়ের কারণে কাসেমকে লক্ষ্য করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করছে পুলিশ।

কাসেমের সাথে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে তার এক বন্ধু জানান, কাসেম বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় বিভিন্ন স্কুলে কাজ করতেন। তার ভাষায়, কাসেম ছিলেন সবচেয়ে ভালো, সৎ ও সম্মানিত নারীদের একজন।

আরব সম্প্রদায়ে সহিংসতা বাড়ছে

এই বিস্ফোরণের আগে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ২৪ ঘণ্টায় পৃথক তিনটি গুলির ঘটনায় আরব সম্প্রদায়ের আরও তিনজন নিহত হন। আরারা, জাফা ও উম্ম আল-ফাহমে এসব ঘটনা ঘটে।

এরও এক সপ্তাহের কম সময় আগে কাফর মান্দায় একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। সহাবস্থান নিয়ে কাজ করা সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, ওই নারী ছিলেন চলতি বছর ইসরায়েলে সহিংসতায় নিহত ২০০তম আরব নাগরিক। কয়েক ঘণ্টা পর তাইবেহ শহরে গুলিতে আরও একজন নিহত হন, যিনি ছিলেন ২০১তম ব্যক্তি।

সংগঠনটির হিসাব অনুযায়ী, গত বছর ইসরায়েলে আরব সম্প্রদায়ের মধ্যে রেকর্ডসংখ্যক প্রাণহানি ঘটে। ওই বছর ২৫২ জন নিহত হন, যা দেশটির মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশেরও বেশি। অথচ ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক।