...|...|...

বিশ্ব

এআই দিয়ে নকল কাণ্ডে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৩
Shares
এআই দিয়ে নকল কাণ্ডে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘সুনেউং’ আয়োজনের আগে এ ঘটনা সামনে আসায় সরকারের প্রস্তুতি নিয়েও প্রশ্ন ওঠে।

রবিবার (২২ নভেম্বর) ঘটনার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দেন চোই। পরে প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে বেশি নম্বর পাওয়ার কথাও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনেউংয়ের মাত্র চার দিন আগে ঘটনাটি প্রকাশ্যে আসায় দেশজুড়ে এআই ব্যবহার করে নকলের আশঙ্কা বাড়ে। এরপর দ্রুত কিছু ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রগুলোতে পাবলিক ওয়াই-ফাই বন্ধ করার পাশাপাশি পরীক্ষার্থীদের পোশাকের বোতামে বিশেষ স্টিকার লাগানোর ব্যবস্থা করা হয়, যাতে লুকানো ক্যামেরা বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র শনাক্ত করা যায়।

তবে এসব উদ্যোগের পরও সমালোচনা থামেনি। সংসদীয় শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন নকলকারীদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম হবে কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই বলেন, আমার বয়সের কারণে এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী নই। তার এই মন্তব্যের পর সমালোচনা আরও বাড়ে।

পরীক্ষার আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী। তার বদলে একজন উপমন্ত্রী পরীক্ষায় নকল ঠেকাতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

পদত্যাগের দিন এক্সে দেওয়া পোস্টে চোই বলেন, বড় কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ থেকে নিজেকে দায়মুক্ত ভাবতে পারছেন না। এ কারণেই পুরো দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে নকলের ১১১টি ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এর প্রায় অর্ধেক ধরা পড়ে সরকারের পাঠানো তিনটি জরুরি সতর্কবার্তার মাধ্যমে। যেসব পরীক্ষার্থী স্মার্টফোন জমা দেননি, তাদের ফোন শনাক্ত করতেই এসব সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

দক্ষিণ কোরিয়ায় সুনেউং অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। প্রায় নয় ঘণ্টাব্যাপী এ পরীক্ষার ফলের ওপর নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অনেকাংশে নির্ভর করে। ভবিষ্যতে ভালো বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রেও পরীক্ষাটির ফল গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।