প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ থাকলেও রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না।
রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে এবং নিজের বিচারিক বিবেচনা প্রয়োগ করে লিখতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই সর্বাধিক গুরুত্ব পাবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারিক কর্মকর্তারা অংশ নেন।
অভিভাষণে প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সময়ের যথাযথ ব্যবহার এবং পরিকল্পিতভাবে মামলা পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে Case Management ও Court Management পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন।
মামলার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিচারকদের নিজ নিজ সামর্থ্য ও সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যতালিকা প্রস্তুতের পরামর্শ দেন প্রধান বিচারপতি। শুনানি শেষ হওয়ার পর উন্মুক্ত আদালতেই পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এসব উদ্যোগ বিচারিক সেবার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি মামলা ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে অভিভাষণে গুরুত্বারোপ করা হয়।
বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও দক্ষতাভিত্তিক করার বিষয়ে প্রধান বিচারপতি বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতগুলোতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে বিচারকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
বিচারকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত আচরণ ও শৃঙ্খলার বিষয়েও সতর্ক করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন বিচারকের মর্যাদা ও ব্যক্তিত্ব কেবল এজলাসের ভেতরের আচরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তার চলাফেরা, আচরণ ও দায়িত্ববোধে বিচারকের পেশাগত মর্যাদার প্রতিফলন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও বিচারকদের সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে ফেসবুক ব্যবহারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি এজলাসে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনা দেন।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে আইনগত বিশ্লেষণের পাশাপাশি সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্বও তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, কোনো মামলার বিচার করতে গিয়ে শুধু আইনের বিধান বিবেচনা করলেই হবে না, দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। তবে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বিচারপ্রার্থীদের আদালতে পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন তিনি। পাশাপাশি প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান।
অভিভাষণে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের সময় ব্যবস্থাপনা নিয়ে প্রধান বিচারপতি বলেন, শুনানির ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। প্রতিটি শুনানির জন্য প্রয়োজন অনুযায়ী সীমিত ও সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা প্রয়োজন। একইভাবে সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। আদালতের সময় অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তিনি বলেন, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মামলা নিষ্পত্তির কার্যক্রমে আরও গতি আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে Monitoring Committee for Subordinate Courts চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন। এ সময় তারা অধস্তন আদালতের বিচারিক কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা নিজেদের পেশাগত অভিজ্ঞতা, প্রত্যাশা এবং আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তব্য দেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপীল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ।
বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা, মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানো, বিচারকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের আলোচনায় বিচারিক ব্যবস্থাপনার উন্নয়ন, পেশাগত দায়িত্বশীলতা এবং সময়ের কার্যকর ব্যবহারের মাধ্যমে অধস্তন আদালতের বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।


