...|...|...

আইন ও আদালত

কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০১
Shares
কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

ছবি: সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন তিনি।

শুনানিতে আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজন ব্যক্তিকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছেন।

এদিকে নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন জমা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তবে মামলার অন্যতম আসামি আমিনুজ্জামানের বয়স নিয়ে প্রশ্ন ওঠায় তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে সর্বোচ্চ আদালতে আলোচনা হয়েছে।