...|...|...

বিশ্ব

রোহিঙ্গা গণহত্যা মামলা

মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৮
Shares
মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এ মামলার রায়কে আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মামলায় গাম্বিয়ার পক্ষে রায় এলে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রের দায় নির্ধারণের ক্ষেত্রে তা নতুন নজির তৈরি করতে পারে। রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন, বাস্তুচ্যুতি ও অধিকারহীনতার অভিযোগের আইনি স্বীকৃতির ক্ষেত্রেও রায়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে রায়ের পরও তাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের পথ সহজ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মামলার পটভূমি

১৯৪৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণহত্যা প্রতিরোধ ও শাস্তির লক্ষ্যে আন্তর্জাতিক গণহত্যা সনদ গৃহীত হয়। এরপর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়াসহ বিভিন্ন সংঘাতের ঘটনায় গণহত্যার অভিযোগে ব্যক্তির বিচার হয়েছে। তবে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় সরাসরি নির্ধারণের ক্ষেত্রে আইসিজের এই মামলাটি বিশেষ গুরুত্ব বহন করছে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে বহু গ্রাম পুড়িয়ে দেওয়া, হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে সে সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত এসব নির্যাতনের ঘটনা জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নথিবদ্ধ করে। ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় চরম অসামঞ্জস্যপূর্ণ ছিল। প্রতিবেদনে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের সুপারিশ করা হয়।

তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল।

গাম্বিয়ার মামলা ও আইনি লড়াই

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।

মামলায় গাম্বিয়া শুধু মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ড নয়, বরং রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারণের আবেদন জানায়। তাদের যুক্তি, গণহত্যা সনদ বাস্তবায়ন নিশ্চিত করার স্বার্থে যেকোনো সদস্য রাষ্ট্রের এ ধরনের অভিযোগ আদালতে তোলার অধিকার রয়েছে।

প্রাথমিকভাবে মিয়ানমার গাম্বিয়ার মামলা করার আইনি অধিকার নিয়ে আপত্তি জানায়। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে রায় দেয়, মামলাটি পরিচালনার এখতিয়ার আদালতের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য।

মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ আলোচনায় আসে যখন তৎকালীন মিয়ানমার সরকারের প্রধান অং সান সু চি নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে দেশটির পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের অভিযোগ অস্বীকার করে তিনি একে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে তুলে ধরেন। এ অবস্থানের জন্য আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখেও পড়েন তিনি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর মিয়ানমারের পক্ষে মামলাটির আইনি লড়াই চালিয়ে যায় সামরিক জান্তার নিয়োগ করা প্রতিনিধিদল।

২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের যুক্তি, সাক্ষ্য ও বিশেষজ্ঞের বক্তব্য শোনার পর বিচারকেরা ২৯ জানুয়ারি থেকে রায় প্রস্তুতের কার্যক্রম শুরু করেন। গত ৩ নভেম্বর আদালত ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।