টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর অঞ্চলটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় অবস্থান করছে।
বুধবার (১৮ নভেম্বর) মার্কিন নৌবাহিনী বিষয়ক সংবাদমাধ্যম ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজ (ইউএসএনআই নিউজ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক রণতরিটি এখন সপ্তম নৌবহরের দায়িত্বাধীন এলাকায় রয়েছে। তবে রণতরিটির সাথে অন্য কোন কোন যুদ্ধজাহাজ ফিরে গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় পৌঁছায়। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হিসেবেই সেখানে পাঠানো হয়েছিল রণতরিটিকে।
জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছাড়ার আগে গত রবিবার (১৫ নভেম্বর) ওই অঞ্চলে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এর পাশাপাশি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।
জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে, নাকি পথে অন্য কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল রণতরিটি।
জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি মোতায়েন ছিল না।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়।
গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ নিয়ে দুই দেশের বিরোধ এখনো রয়েছে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাত ফিরে এসেছে। এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতিতে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে সংঘাতের প্রভাব।


