...|...|...

বিশ্ব

হরমুজ পুনরায় চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৮
Shares
হরমুজ পুনরায় চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধ অবসানের পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পুনরায় সংলাপ শুরুর কূটনৈতিক তৎপরতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে, কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য বিভিন্ন শর্ত তৈরি করছে বলে জানিয়েছে ইরান।

শুক্রবার (২৮ আগস্ট) আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তেহরান তাদের দাবির একটি তালিকা প্রস্তুত করছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।

রেজাই বলেন, এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার আগে ইরানের দাবিগুলো পূরণের জন্য যুক্তরাষ্ট্রকে কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির তেহরান সফর এবং বৃহস্পতিবার দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পরপরই এই অগ্রগতি সামনে এল।

বৈঠকগুলোর পর দেওয়া বক্তব্যে কাতারের প্রধানমন্ত্রী জানান যে, তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান জানানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

উল্লেখ্য, ইরান ও ওমানের মাঝে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। যুদ্ধের কারণে সামুদ্রিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আগে এই পথ দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো।

ইরানের রেজাই বলেন, প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে আঞ্চলিক যুদ্ধ অবসান এবং মার্কিন কর্মকাণ্ডের ফলে যেসব পরিণতি তৈরি হয়েছে বলে তেহরান মনে করে, সেগুলোর সমাধানসংক্রান্ত পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।

রয়টার্স জানিয়েছে, ইরান ও ওমানও নীতিগতভাবে ইরান ও ওমানি জলসীমার মধ্য দিয়ে একটি শিপিং করিডোর বা নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে, যদিও এই ব্যবস্থার বিশদ বিবরণ নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।

তবে ওয়াশিংটনের অবস্থান ভিন্ন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রই পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খোলা আছে, আমাদের নিয়ন্ত্রণ রয়েছে এবং আমাদের অবরোধও বলবৎ রয়েছে।

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে যে তাদের বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিপিং লেন বা নৌপথগুলো থেকে ইরানের সামুদ্রিক মাইন পরিষ্কার করেছে, যার ফলে মার্কিন সুরক্ষার অধীনে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করতে সক্ষম হতে পারে।

এই দাবি সত্ত্বেও, সংঘাতের আগের মতো স্বাভাবিক বাণিজ্যিক চলাচল এখনও পূর্বের অবস্থায় ফিরে আসেনি।