...|...|...

বিশ্ব

২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৪
Shares
২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা

ছবি: সংগৃহীত

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা। বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যার দিক থেকে শীর্ষে থাকলেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী এক দশকের মধ্যেই এই অবস্থানের পরিবর্তন ঘটতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে, খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে ২৫২ কোটিতে। সে হিসাবে প্রায় পাঁচ কোটি মানুষের ব্যবধানে মুসলিমরা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে জন্মহারের পার্থক্যকে চিহ্নিত করেছে পিউ। সংস্থাটির তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৫। অর্থাৎ, ধর্মান্তরের তুলনায় জন্মহারের পার্থক্যই মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে বেশি প্রভাব ফেলছে।

২০২০ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। বিপরীতে মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। তবে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান প্রবণতা বিবেচনায় আগামী কয়েক দশকে এই ব্যবধান ঘুচে যেতে পারে বলে ধারণা করছে গবেষণা সংস্থাটি।

পিউর পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়াতে পারে। সে সময় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবেন মুসলিম। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ কোটিতে পৌঁছাতে পারে।

এ ছাড়া ২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান। এরপরের অবস্থানে থাকতে পারে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যা নিয়ে এই গবেষণা করেছে পিউ রিসার্চ সেন্টার। পূর্বাভাস তৈরিতে জন্মহার, বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এ জন্য বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করেছে সংস্থাটি।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই হিসাব কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। বরং বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্র কেমন হতে পারে, সেটিই তুলে ধরা হয়েছে।