...|...|...

বিশ্ব

সরবরাহ বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩১
Shares
সরবরাহ বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। একদিকে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বাড়লেও কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম। বিশ্ববাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় জ্বালানি তেলের দাম বাড়ার গতি বাধাগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছিল। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৩ দশমিক ২ শতাংশ। এতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে মার্কিন অপরিশোধিত তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহনের পরিমাণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বিশ্ববাজারে সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে তেলের দামে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে চাপ সৃষ্টি করছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও কমতে পারে। পাশাপাশি ডলারের মূল্য শক্তিশালী হলে অন্যান্য মুদ্রায় তেল আমদানিকারক দেশগুলোর ব্যয় বেড়ে যায়।

বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকরা ১৮ নভেম্বর প্রকাশিত এক নোটে বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ার আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা তৈরি করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার তুলনায় বেশি বেড়েছে। এতে বাজারে দরপতনের চাপ আরও জোরালো হয়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।