...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, এটি আসলে কতটা ধ্বংসাত্মক?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২২
Shares
যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, এটি আসলে কতটা ধ্বংসাত্মক?

ছবি: সংগৃহীত

ইরান কি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে?

সিএনএনের এক প্রতিবেদনে সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে এমন হামলার বিকল্প পরিকল্পনা তৈরি করছে তেহরান।

তবে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন তাদের দাবির পক্ষে কোনো সরাসরি প্রমাণ প্রকাশ করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলাটি আসন্ন—এমন কোনো তথ্যও নেই। বরং সূত্রগুলো এটিকে সম্ভাব্য বিকল্প পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে। একটি সূত্র দাবি করেছে, মার্কিন গোয়েন্দারা এমন কিছু ‘যোগাযোগ’ শনাক্ত করেছে, যেখান থেকে ধারণা করা হচ্ছে বোমা তৈরির উপকরণ যুক্তরাষ্ট্রের ভেতরে মজুত করা হয়ে থাকতে পারে। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

হোয়াইট হাউস জানিয়েছে, তারা সম্ভাব্য সব হুমকি পর্যবেক্ষণ করছে, তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

অন্যদিকে জাতিসংঘে ইরানের মিশন এসব অভিযোগকে ‘মিথ্যা ও সাজানো’ বলে প্রত্যাখ্যান করেছে।

আল-জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনা স্থবির হয়ে পড়ার সময়েই এসব দাবি সামনে এসেছে। একই সময়ে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে।

‘ডার্টি বোমা’ আসলে কী?

ডার্টি বোমার কারিগরি নাম ‘রেডিওলজিক্যাল ডিসপারসাল ডিভাইস’। এতে ডিনামাইটের মতো প্রচলিত বিস্ফোরকের সাথে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়।

বোমাটি বিস্ফোরিত হলে প্রচলিত বিস্ফোরণের পাশাপাশি আশপাশের এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে।

পারমাণবিক বোমার মতো ডার্টি বোমা তৈরিতে সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক চেইন রিঅ্যাকশনের প্রয়োজন হয় না। হাসপাতাল, গবেষণাগার বা শিল্পকারখানায় ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান দিয়েও এটি তৈরি করা সম্ভব। ফলে পারমাণবিক অস্ত্রের তুলনায় এটি তৈরি করা অনেক সস্তা ও সহজ, যদিও ধ্বংসক্ষমতাও অনেক কম।

এর প্রধান স্বাস্থ্যঝুঁকি আসে বিস্ফোরণের কাছাকাছি থাকা দূষিত ধুলাবালি শ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে। তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সাথে সাথে এর ঘনত্ব ও ক্ষতিকর প্রভাবও কমে যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের মতে, অধিকাংশ ডার্টি বোমা তাৎক্ষণিকভাবে এক বা দুইটি শহুরে ব্লক দূষিত করতে পারে। তবে বাতাসের কারণে তেজস্ক্রিয় কণা কয়েক বর্গমাইল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অস্ত্রে ব্যাপক প্রাণহানি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। ২০০২ সালে মার্কিন সিনেটে দেওয়া সাক্ষ্যে তৎকালীন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান রিচার্ড মেসার্ভ বলেছিলেন, অধিকাংশ পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা কয়েক ডজনের মধ্যে থাকতে পারে, শত শত বা হাজারে নয়।

স্বাধীন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক তালহা আবদুলরাজাক আল-জাজিরাকে বলেন, ডার্টি বোমার মূল প্রভাব হবে আতঙ্ক, বিশৃঙ্খলা ও তেজস্ক্রিয় দূষণ। তার মতে, এ কারণেই বিশেষজ্ঞরা একে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টিকারী অস্ত্র হিসেবে বর্ণনা করেন, ‘গণবিধ্বংসী অস্ত্র’ নয়।

ইরানের কি ডার্টি বোমা তৈরির সক্ষমতা আছে?

তাত্ত্বিকভাবে আছে। তবে শুধু ইরান নয়, অনেক রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীর কাছেই এ ধরনের সক্ষমতা থাকতে পারে।

নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের স্কট রোকার ২০২২ সালে আল-জাজিরাকে বলেছিলেন, ডার্টি বোমা তুলনামূলকভাবে ‘খুব সহজে’ তৈরি করা যায়। চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেজস্ক্রিয় উৎস অনেক দেশেই পাওয়া যায় এবং একটি প্রাথমিক মানের ডিভাইস তৈরিতে খুব উন্নত প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন হয় না।

আইএইএর সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জন্য করা এক বিশ্লেষণে জাসেক সিয়েভিয়েরা লিখেছিলেন, এই মজুত পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট না হলেও তেজস্ক্রিয় ও নাশকতার দৃষ্টিকোণ থেকে বিপজ্জনক হতে পারে। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো এখন আর নিশ্চিতভাবে জানে না, ইরানের পারমাণবিক মজুতের ওপর কার নিয়ন্ত্রণ রয়েছে।

তবে সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেই তুলনামূলকভাবে দুর্বল তেজস্ক্রিয় উৎস। ফলে ডার্টি বোমার জন্য এটি খুব কার্যকর উপাদান নয়। অনেক বিশ্লেষকের মতে, কয়েক দশক ধরে উৎপাদিত সমৃদ্ধ ইউরেনিয়াম এভাবে ব্যবহার করার সম্ভাবনাও কম।

২০২৫ সালের জুনে ইউরো-আটলান্টিক রেজিলিয়েন্স সেন্টারের ক্রিস ক্রেমিদাস-কোর্টনি লিখেছিলেন, ইরানের কাছে চিকিৎসা ও শিল্পখাতে ব্যবহৃত সিজিয়াম-১৩৭ ও কোবাল্ট-৬০-এর মতো পর্যাপ্ত তেজস্ক্রিয় উপাদানে প্রবেশাধিকার রয়েছে বলে ধারণা করা হয়।

তবে তার মতে, ডার্টি বোমা হতে পারে ‘চরম পরিস্থিতিতে শেষ অস্ত্র’। তিনি আরও মনে করেন, যুক্তরাষ্ট্রে সরাসরি অনুপ্রবেশ অত্যন্ত কঠিন এবং বন্দর বা হরমুজ প্রণালীর মতো সামুদ্রিক সংকীর্ণ পথ তুলনামূলক সম্ভাব্য লক্ষ্য হতে পারে।

আবদুলরাজাক বলেন, প্রচলিত পারমাণবিক অস্ত্রের তুলনায় ডার্টি বোমা অনেক সহজে তৈরি করা সম্ভব। তার মতে, ফোরদো ও নাতাঞ্জে মার্কিন হামলার পরও সক্ষমতা দুর্বল হওয়া মানেই পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া নয়।

তবে তিনি আরও বলেন, ইরানের এমন কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন সক্ষমতা নেই, যা ১০ হাজার কিলোমিটারের বেশি দূরের যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করতে পারে। ফলে ওয়াশিংটনে হামলা হলে তা সম্ভবত গোপন চোরাচালান নেটওয়ার্ক বা সংগঠিত অপরাধচক্রের সহায়তায় করতে হবে।

তিনি আরও বলেন, ইরানের ডার্টি বোমা তৈরির সক্ষমতা থাকলেও তা যুক্তরাষ্ট্রে ব্যবহার করার ইচ্ছা রয়েছে—এমন প্রকাশ্য প্রমাণ খুবই সামান্য।

তার মতে, এমন অস্ত্র ব্যবহার করলে ইরানের অবশিষ্ট কূটনৈতিক গ্রহণযোগ্যতা ধ্বংস হয়ে যাবে এবং তা বড় ধরনের মার্কিন সামরিক প্রতিক্রিয়ার পথ খুলে দিতে পারে। তিনি বলেন, এই কারণে ডার্টি বোমা হামলার সম্ভাবনা অত্যন্ত কম।