ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কোনো তাড়া নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। একদিকে তিনি বলছেন, সামরিক দিক থেকে যুদ্ধ প্রায় শেষ। অন্যদিকে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আবারও হামলা শুরুর হুঁশিয়ারি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা স্থবির সংঘাতে পরিণত হতে যাচ্ছে?
আলজাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, ইরানের শত শত বিলিয়ন ডলার এবং হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। তেহরান আলোচনায় প্রস্তুত থাকলেও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
‘ফ্রোজেন কনফ্লিক্ট’ কী?
আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বলতে এমন সংঘাতকে বোঝায়, যেখানে বড় ধরনের যুদ্ধ থেমে যায় বা উল্লেখযোগ্যভাবে কমে আসে, কিন্তু কোনো স্থায়ী শান্তিচুক্তি হয় না। ফলে যুদ্ধের মূল কারণগুলো অমীমাংসিত থেকে যায়। মাঝেমধ্যে সীমিত হামলা, অবরোধ ও পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ চলতে থাকে।
ইতিহাসে কোরীয় উপদ্বীপ, ইউক্রেনের দনবাস এবং নাগোরনো-কারাবাখের মতো অঞ্চলে এমন পরিস্থিতি দেখা গেছে। কোনো কোনো ক্ষেত্রে এই অচলাবস্থা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হয়েছে।
ইরান যুদ্ধ কি সেই পথেই যাচ্ছে?
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও সমঝোতার চেষ্টা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে তা ভেস্তে যায়। গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুমের মতে, কূটনৈতিকভাবে সংঘাতটি জুলাই থেকেই অচলাবস্থায় রয়েছে। তবে হরমুজে জাহাজে হামলা, মার্কিন অবরোধ এবং পাল্টাপাল্টি সামরিক অভিযানের কারণে পরিস্থিতিকে পুরোপুরি স্থবির বলা যায় না।
তাঁর ভাষায়, যুদ্ধের ধরন বদলেছে। সরাসরি বিমান হামলার পরিবর্তে এখন অবরোধের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। আর এমন অবরোধ তখনই শেষ হয়, যখন অবরুদ্ধ পক্ষ ভেঙে পড়ে অথবা অবরোধ ভেঙে বেরিয়ে আসে।
এদিকে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও চাপ বাড়ছে। অক্টোবরের এক জনমত জরিপে প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের জন্য নতুন করে বড় সামরিক অভিযান শুরু করাও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক তালহা আব্দুলরাজাকের মতে, কোনো পক্ষই আলোচনায় নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে রাজি নয়। ফলে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, ট্রাম্পের সামনে দুটি কঠিন পথ রয়েছে—হয় চূড়ান্ত সামরিক বিজয়ের চেষ্টা করা, নয়তো অপেক্ষাকৃত কম সুবিধাজনক শর্তে সমঝোতায় পৌঁছানো।
অর্থনৈতিক চাপে ইরান, অনড় দুই পক্ষ
দীর্ঘ সংঘাত ও মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতিও বড় চাপের মুখে পড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চ থেকে জুন পর্যন্ত অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৮ শতাংশে।
এমন পরিস্থিতিতে ইরান শান্তি আলোচনা ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সাতটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা অর্থ অবমুক্ত এবং বিভিন্ন অঞ্চলে শত্রুতার অবসান।
তবে ওয়াশিংটন এসব শর্ত মেনে নিতে প্রস্তুত নয়। অন্যদিকে তেহরানও চাপের মুখে সমঝোতা করতে নারাজ।
দীর্ঘ অচলাবস্থার পরিণতি কী হতে পারে?
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাত অতীতের স্থবির যুদ্ধগুলোর তুলনায় ভিন্ন। কারণ, এই সংঘাত কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আন্তর্জাতিক নৌপথ, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতি।
যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। ফলে এই নৌপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রতিটি তেল ট্যাঙ্কারে হামলা কিংবা নতুন সামরিক পদক্ষেপ সংঘাতকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে। তাই ইরান-যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থা দীর্ঘদিন ধরে স্থিতিশীল রাখা কঠিন।
আপাতত ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। কেউই বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। ফলে পূর্ণমাত্রার যুদ্ধ থেমে গেলেও স্থায়ী শান্তি ফিরবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


