রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।
এর আগে গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিনই মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সাথে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।


