মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেতা এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
গত রবিবার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল। মামলায় বিস্ফোরক আইনের পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারা যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এম এম শাহীন ২০০১ সালে মৌলভীবাজার-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক। একসময় জাসদ ছাত্রলীগের কর্মী ছিলেন শাহীন। ১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপিতে যোগ দেন। দলটিতে তিনি কেন্দ্রীয় যুবদলের কুটির ও শিল্পবিষয়ক সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
২০০১ সালের জাতীয় নির্বাচনে জোটের পক্ষ থেকে মৌলভীবাজার-২ আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর তৎকালীন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জামায়াতের ডা. শফিকুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ জয় তাকে দেশজুড়ে আলোচনায় নিয়ে আসে।
২০০৭ সালের নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন শাহীন। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্বাচন স্থগিত হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়।
এরপর বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করলে দলটির বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন শাহীন। এর পরিপ্রেক্ষিতে বিএনপি থেকে বাদ পড়েন তিনি। ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে অংশ নিলেও পরাজিত হন।


