...|...|...

বিশ্ব

মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৮
Shares
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

ছবি: সংগৃহীত

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণনীতিতে এখন স্পষ্ট দুই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। একদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাড়ছে, অন্যদিকে রাশিয়া টানা স্বর্ণ বিক্রি করছে। একই সময়ে পোল্যান্ড তার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত ৭০০ টনে উন্নীত করেছে।

সিওওয়ার্ল্ড ম্যাগাজিন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো আনুমানিক ৩২১ টন স্বর্ণ কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। ২০২৪ সালের শেষ দিকের পর কোনো একক প্রান্তিকে এটিই সর্বোচ্চ ক্রয়।

অন্যদিকে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৮ দশমিক ৬৬ টন স্বর্ণ বিক্রি করেছে। বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে এটিই উল্লেখযোগ্য একমাত্র বিক্রি। একই সাথে এটি ছিল রাশিয়ার টানা দশম মাসের স্বর্ণ বিক্রি।

পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক নারোদোভি ব্যাংক পোলস্কি ৫ নভেম্বর জানায়, তাদের স্বর্ণের মজুত ৭০০ টনে পৌঁছেছে। এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে।

২০২৫ সালের শেষে পোল্যান্ডের স্বর্ণের মজুত ছিল প্রায় ৫৫০ টন। অর্থাৎ মাত্র ১০ মাসে দেশটি প্রায় ১৫০ টন স্বর্ণ কিনেছে। এর ফলে পোল্যান্ড এখন বিশ্বের শীর্ষ ১০ কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণধারী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।

পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যাডাম গ্লাপিনস্কি জানান, ৭০০ টন স্বর্ণের মূল্য প্রায় ৩৫৬ বিলিয়ন জ্লোটি বা ৯১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তিনি বলেন, স্বর্ণ কেনা বন্ধ করার কোনো কারণ দেখছেন না এবং মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের মজুত আরও বাড়তে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার বড় অংশই অপ্রকাশিত

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

তবে তৃতীয় প্রান্তিকে প্রকাশ্যে জানানো স্বর্ণ কেনার পরিমাণ ছিল মাত্র ১২০ টন। বাকি প্রায় ৬৩ শতাংশ কেনাকাটা অনুমানের ভিত্তিতে হিসাব করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চীন ৬৩ টন এবং পোল্যান্ড ৪০ টন স্বর্ণ কিনেছে। দুই দেশ মিলে প্রকাশ্যে জানানো মোট ক্রয়ের প্রায় ৮৬ শতাংশ। কাজাখস্তান ও উজবেকিস্তান ১৪ টন করে স্বর্ণ কিনেছে।

কেন স্বর্ণ বিক্রি করছে রাশিয়া

২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত রাশিয়ার স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমে ৭২ দশমিক ৮ মিলিয়ন আউন্সে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের শেষ দিকের পর সর্বনিম্ন।

সিওওয়ার্ল্ড ম্যাগাজিন বলছে, রাশিয়ার আধুনিক ইতিহাসে এর চেয়ে দ্রুত স্বর্ণের মজুত কমার ঘটনা ঘটেছিল শুধু ১৯৯৮ সালের অর্থনৈতিক সংকটের সময়।

এর প্রধান কারণ হিসেবে দেশটির বড় বাজেট ঘাটতিকে দেখা হচ্ছে। ২০২৬ সালে রাশিয়ার ফেডারেল বাজেট ঘাটতি ৭ দশমিক ৩ ট্রিলিয়ন রুবলে পৌঁছাতে পারে, যা প্রাথমিক লক্ষ্যের প্রায় দ্বিগুণ। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মোট ঘাটতি ২২ ট্রিলিয়ন রুবল ছাড়িয়েছে।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জাতীয় সম্পদ তহবিলে থাকা স্বর্ণ ব্যবহার করে সরকারি ব্যয় মেটাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ বিক্রির তথ্য সেই প্রবণতার সাথেই মিলে যাচ্ছে।

গত ১০ মাসে রাশিয়া প্রায় ৬২ টন বা ২০ লাখ আউন্স স্বর্ণ বিক্রি করেছে। তৃতীয় প্রান্তিকের গড় দামে এর মূল্য প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং বর্তমান দামে প্রায় ৭ বিলিয়ন ডলার। ২০২৬ সালের প্রায় ৮০ বিলিয়ন ইউরো বাজেট ঘাটতির তুলনায় এ অর্থ প্রায় এক-দশমাংশ।

তবে রাশিয়ার হাতে এখনও ২ হাজার ২০০ টনের বেশি স্বর্ণ রয়েছে। অর্থাৎ মোট মজুতের ৩ শতাংশেরও কম বিক্রি হয়েছে।

সিওওয়ার্ল্ড ম্যাগাজিন -এর বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া মূলত নিষেধাজ্ঞার ঝুঁকি মোকাবিলায় বহু বছর ধরে স্বর্ণ জমিয়েছে। ২০২২ সালে দেশটির প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করা হলেও দেশের ভেতরে রাখা স্বর্ণ জব্দ করা সম্ভব হয়নি। ফলে এখন স্বর্ণ বিক্রি করে অর্থ জোগাড় করা একদিকে আর্থিক চাপের প্রমাণ, অন্যদিকে আগে নেওয়া কৌশল কার্যকর হওয়ারও উদাহরণ।

দরপতনে চাপে ক্রেতা ও বিক্রেতা

২০২৬ সালের জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫০০ ডলারের ওপরে উঠেছিল। তবে ২০ নভেম্বর তা নেমে ৩ হাজার ৫১৩ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এই দরপতনে পোল্যান্ডের মতো বড় ক্রেতারা মূল্যহ্রাসের চাপ অনুভব করছে। ৭০০ টন স্বর্ণ প্রায় ২২ দশমিক ৫ মিলিয়ন আউন্সের সমান। ফলে প্রতি আউন্সে ১০০ ডলার দাম কমলে পোল্যান্ডের মজুতের মোট মূল্য প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার কমে যায়।

৫ নভেম্বর পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৪ হাজার ৬০ ডলার। যদি দাম ৩ হাজার ৫৫০ ডলারে থাকে, তবে একই স্বর্ণের মোট মূল্য প্রায় ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার কমে যায়।

তবে পোল্যান্ডের মোট মজুতে এখনও লাভ রয়েছে, কারণ তাদের বড় অংশের স্বর্ণ বহু বছর আগে আরও কম দামে কেনা হয়েছিল। কিন্তু ২০২৬ সালে কেনা ১৫০ টনের বড় অংশ বর্তমান বাজারদামের চেয়ে বেশি দামে কেনা হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম কমায় রাশিয়ার জন্য একই পরিমাণ অর্থ তুলতে আগের তুলনায় বেশি স্বর্ণ বিক্রি করতে হচ্ছে। প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার দামে একই পরিমাণ বাজেট ঘাটতি মেটাতে তৃতীয় প্রান্তিকের গড় দামের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি স্বর্ণ বিক্রি করতে হবে।

স্বর্ণ কেনা কি থামবে

সিওওয়ার্ল্ড ম্যাগাজিন বলছে, এই দরপতন কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণনীতি ভুল প্রমাণ করে না। কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত স্বর্ণ ধরে রাখে এমন পরিস্থিতির জন্য, যখন অন্য সম্পদ ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। ফলে একটি নির্দিষ্ট দিনের বাজারদাম তাদের কাছে গৌণ বিষয়।

তবে দেরিতে বাজারে প্রবেশ করা বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারেন।

আগামী কয়েক মাসে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হবে। প্রথমত, রাশিয়ার মাসিক রিজার্ভ তথ্য থেকে বোঝা যাবে, স্বর্ণের দাম আরও কমলে দেশটি বিক্রির গতি বাড়ায় কি না। দ্বিতীয়ত, ২০২৭ সালের শুরুতে প্রকাশিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের চতুর্থ প্রান্তিকের প্রতিবেদন থেকে জানা যাবে, নভেম্বরের দরপতনের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা চালিয়ে গেছে কি না। তৃতীয়ত, পোল্যান্ড ৭০০ টনের ওপরে নতুন কোনো লক্ষ্য নির্ধারণ করে কি না, সেটিও বাজারের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হবে।