ইসরায়েলের নতুন সরকার গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট।
তার মধ্যপন্থি দল ইয়াশার জানিয়েছে, রবিবার (২২ নভেম্বর) থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা।
ইয়াশার পার্টি এক বিবৃতিতে বলেছে, যতটা সম্ভব বিস্তৃত ভিত্তিতে নতুন সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবেই লিকুদকে আলোচনায় ডাকা হয়েছে। আইজেনকোট তার আলোচক দলকে লিকুদের প্রতিনিধিদের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করার নির্দেশ দিয়েছেন।
গত অক্টোবরের নির্বাচনে কোনো জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তার হাতে ২৮ দিন সময় রয়েছে, প্রয়োজনে তা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
তবে আইজেনকোটের শিবিরের ভেতরেই সরকার গঠনের কৌশল নিয়ে মতভেদ রয়েছে। উগ্র-অর্থোডক্স দলগুলোর সাথে জোট হবে, আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থন নেওয়া হবে, নাকি নেতানিয়াহুর ব্লকের অংশ নিয়ে জাতীয় ঐক্যের সরকার গড়া হবে—এসব প্রশ্নে অবস্থান এক নয়।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত আইজেনকোটের নেতৃত্বে একটি ‘জায়নবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তবে তার দল নেতানিয়াহু বা তার রাজনৈতিক ব্লকের নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
অন্যদিকে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার দাবি, দেশের নিরাপত্তার জন্য এমন সরকার প্রয়োজন।
আইজেনকোটের আমন্ত্রণের পর লিকুদও নিজেদের শর্ত তুলে ধরেছে। দলটির বক্তব্য, সরকার গঠনের আগে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানিমূলক বক্তব্য এবং রাজনৈতিক বয়কট বন্ধ করতে হবে। একই সাথেআরব দলগুলোকে বাদ দিয়ে ইসরায়েলকে ‘ইহুদি জনগণের জাতিরাষ্ট্র’ হিসেবে স্বীকার করে এমন দলগুলোকে নিয়ে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে লিকুদ।
লিকুদ আরও কয়েকটি নীতিগত শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা এবং উগ্র-অর্থোডক্স ইহুদিদের সামরিক নিয়োগ নিয়ে তাদের নেতাদের সাথেসমঝোতা করা।
আইজেনকোট আগেই জানিয়েছেন, লিকুদের কিছু সদস্যকে নিয়ে সরকার গঠনে তিনি আগ্রহী হতে পারেন। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না—এ অবস্থানও তিনি পরিষ্কার করেছেন।


