কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদেশ থেকে টেলিফোনের মাধ্যমে দেয়া নির্দেশনা বা উসকানিতে কাউকে সাড়া না দেয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, যারা বিদেশে বসে দূর থেকে নির্দেশনা দিচ্ছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেয়া উচিত।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা এবং মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।
এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ সড়ক প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে অনুষ্ঠানে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকার প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেককে গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। একই সাথে নিজেদের বাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্ব দিতে হবে।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এসব সামগ্রী পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে।


