...|...|...

বিশ্ব

আইসিজের প্রতিবেদন

পাকিস্তানের বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩
Shares
পাকিস্তানের বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির সর্বোচ্চ আদালতগুলো রাজনৈতিক ও নির্বাহী বিভাগের প্রভাবের মধ্যে চলে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক কমিশন অব জুরিস্টস (আইসিজে)।

সংস্থাটির মতে, পাকিস্তানের ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর ফলে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত এবং ফেডারেল সাংবিধানিক আদালতের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ‘জুডিসিয়াল ক্যাপচার: ইনডিপেনডেন্স অব দ্য জুডিসিয়ারি ইন পাকিস্তান আফটার দ্য ২৬থ অ্যান্ড ২৭থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস’ শীর্ষক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

আইসিজের মহাসচিব সান্তিয়াগো ক্যান্টন বলেন, ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেলে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ওপর নজরদারির সক্ষমতা দুর্বল হয়। একই সাথে সরকারের জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়।

ক্যান্টনের ভাষ্য অনুযায়ী, এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ওপর, কারণ তাদের কার্যকর আইনি প্রতিকার ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সংবিধান সংশোধনীর সম্মিলিত প্রভাবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং বিচার বিভাগের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের মৌলিক নীতিমালায় নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারছে না।

আইসিজের পর্যবেক্ষণ অনুযায়ী, পাকিস্তানে গণতান্ত্রিক পশ্চাৎযাত্রা চলছে এবং একই সাথে মানবাধিকার পরিস্থিতিরও অবনতি হচ্ছে। এর পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে।

সংস্থাটি বলছে, এর ফলে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের কার্যকর আইনি প্রতিকার পাওয়ার অধিকারও ব্যাহত হচ্ছে।

প্রতিবেদনে বিচারক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আইসিজে সতর্ক করেছে, বিচারক নিয়োগের প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতা না থাকলে বিচার বিভাগের স্বাধীনতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ছাড়া আদালতের ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে ব্যবহার করে বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

পরিস্থিতি থেকে উত্তরণে ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর যেসব ধারা আন্তর্জাতিক আইন এবং বিচার বিভাগের স্বাধীনতার নীতির সাথে সাংঘর্ষিক, সেগুলো সংশোধন বা বাতিল করার সুপারিশ করেছে আইসিজে।