...|...|...

বিশ্ব

লিবিয়ার নৌঘাঁটিতে রুশ জাহাজে বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১০:০৭
Shares
লিবিয়ার নৌঘাঁটিতে রুশ জাহাজে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা রাশিয়ার একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জাহাজটিতে ড্রোন হামলা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার। এ ঘটনায় যৌথ তদন্তের উদ্যোগ নিয়েছে লিবিয়া ও রাশিয়া।

রবিবার (২২ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরের আগে বেনগাজি বন্দরে অবস্থানরত রুশ জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে সেখানে থেমেছিল। দুই দেশের বিদ্যমান সামুদ্রিক সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি বন্দরে অবস্থান করছিল।

বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর, নৌঘাঁটি ও সংরক্ষণাগারের কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে।

তবে বিস্ফোরণের আগে বেনগাজির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নৌঘাঁটির একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছিল। গুদামের বিস্ফোরণ এবং রুশ জাহাজে বিস্ফোরণের ঘটনা পরস্পর সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার। একই সঙ্গে হামলার উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্তের কথা জানিয়েছে।

লিবিয়া সরকার এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত এবং আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পক্ষ নয়। আন্তর্জাতিক সংঘাতের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে নিজেদের বন্দর, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকারও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। বিদেশি সামরিক শক্তিকে অনুমোদন ছাড়া লিবিয়ার অবকাঠামো ব্যবহার করতে দেওয়ার বিরোধিতা করে দেশটির সামরিক বাহিনীকে একক রাষ্ট্রীয় নেতৃত্বের অধীনে আনার আহ্বান জানিয়েছে তারা।

উল্লেখ্য, লিবিয়া বর্তমানে দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের অধীনে বিভক্ত। পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে আবদুল হামিদ দিবেইবার নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার। অন্যদিকে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে ওসামা হাম্মাদের নেতৃত্বাধীন বেনগাজিভিত্তিক প্রশাসন।

জাতিসংঘ দেশটির রাজনৈতিক বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠা এবং জাতীয় নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।