...|...|...

বিশ্ব

ন্যাটোর দুই সদস্য দেশের মাঝখানে রুশ জাহাজে ড্রোন হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫১
Shares
ন্যাটোর দুই সদস্য দেশের মাঝখানে রুশ জাহাজে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

রাশিয়ার কালিনিনগ্রাদ অভিমুখী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে। হামলার পর জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে রুশ সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয়। এতে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি। মেসেজিং অ্যাপ ম্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ জানিয়েছেন, এ ঘটনায় রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কালিনিনগ্রাম অঞ্চলে পণ্য সরবরাহে কোনো ঝুঁকি নেই।

ঘটনার পর ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় রুশ জাহাজে ড্রোন হামলার বিষয়টি শনাক্ত করেছে তাদের বাহিনী। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ফিনিশ বর্ডার গার্ডের সদস্যদের পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, প্রয়োজনে অতিরিক্ত ড্রোন প্রতিহত করার প্রস্তুতি হিসেবে সতর্কতামূলকভাবে এ বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ ঘটনায় মিত্র দেশগুলোকেও অবহিত করেছে ফিনল্যান্ড।

ফিনিশ বর্ডার গার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে একটি রুশ পণ্যবাহী জাহাজে আগুন লেগেছে। সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির বর্ডার গার্ড। পাশাপাশি ফিনল্যান্ডের নিয়ন্ত্রণাধীন এলাকায় সম্ভাব্য পরিবেশগত ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ফিনল্যান্ড ও এস্তোনিয়া—দুই ন্যাটো সদস্য দেশের মাঝখানে অবস্থিত ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সংকীর্ণ জলপথ। এটি রাশিয়ার সাবেক রাজধানী সেন্ট পিটার্সবার্গের সঙ্গে কালিনিনগ্রাম অঞ্চলের সমুদ্রপথের সংযোগ তৈরি করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়ে দুই দেশই একে অপরের জাহাজে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বেশির ভাগই হয়েছে কৃষ্ণসাগরে। চলতি মাসের শুরুতে ফিনল্যান্ডের সামরিক বাহিনী উপসাগরটিতে একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানায়। ওই হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেন। পরে এ অঞ্চলে হামলার বিষয়ে কিয়েভের কাছে উদ্বেগ জানিয়েছিল হেলসিঙ্কি।

তবে শনিবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। কারা এর পেছনে রয়েছে, তা-ও স্পষ্ট নয়।