ভারতের হরিয়ানা রাজ্যে সামরিক মহড়া চলাকালে দুর্ঘটনাবশত ট্যাংকের নিচে চাপা পড়ে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাজ্যের হিসার জেলার ভোজরাজ গ্রামের কাছে নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (২৩ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
নিহত দুই সেনাসদস্য হলেন নায়েক মনীশ কুমার ও নায়েক অঙ্কুশ কুমার। তাঁদের মধ্যে মনীশ উত্তর প্রদেশের শামলি জেলার এবং অঙ্কুশ একই রাজ্যের বদায়ুঁ জেলার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শনিবারের ওই সামরিক মহড়ায় মোট ৩২টি ট্যাংক অংশ নেয়। মহড়ার অংশ হিসেবে সেনাসদস্যরা নির্ধারিত অবস্থানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ট্যাংকগুলো একসঙ্গে চলাচল শুরু করলে প্রচণ্ড ধুলার সৃষ্টি হয়। এতে চারপাশের দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।
হিসার পুলিশের এক মুখপাত্র জানান, ধুলার কারণে একটি ট্যাংকের চালক সামনে অবস্থান করা দুই সেনাসদস্যকে দেখতে পাননি বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ট্যাংকটি তাদের ওপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই সেনাসদস্যকে দ্রুত হিসারের সামরিক হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে দুজনের লাশ ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং বিষয়টি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অঙ্কুশ কুমারের রবিবার থেকে ছুটিতে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন তিনি। অন্যদিকে নিহত মনীশ কুমারের বাবা রামবীরও ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছেন।
হিসারের পুলিশ সুপার সিদ্ধার্থ জৈন জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৯৪ ধারা অনুযায়ী তদন্তসংক্রান্ত আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।


