...|...|...

সারাদেশ

প্রবাসীর বাড়ি থেকে রড-দরজা-সিমেন্ট লুট, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
প্রবাসীর বাড়ি থেকে রড-দরজা-সিমেন্ট লুট, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়া থানার ওসি আরিফুর রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি লুটপাট ও ডাকাতির অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২৩ নভেম্বর) বান্দরবান জেলার লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল আদালতে এই মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং এলাকায় গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ১টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত রিয়াদ নামে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসামি খোঁজার নামে রাস্তার উভয় পাশে ব্যারিকেড দিয়ে ভাঙচুর চালান চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। দীর্ঘ ভাঙচুরের পর নির্মাণাধীন ভবনের লোহার রড, দরজা, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ট্রাকে ভরে নিয়ে যান।

প্রবাসী রিয়াদ সৌদিতে বসবাস করলেও আসামি খোঁজার নামে এমন কাণ্ডে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এদিকে লামা উপজেলার ফাইতং এলাকায় পুলিশ ফাঁড়ির তিনশ গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও ফাঁড়ির ইনচার্জ কিছুই জানেন না বলে দাবি করেন।

তবে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওহিদুর রহমান বলেছেন, এটি তৌহিদ নামের একজন শীর্ষ সন্ত্রাসীর বাড়ি। তবে জমির কাগজ এবং এলাকাবাসীর দেওয়া তথ্য মতে এটি দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি প্রবাসী রিয়াদের নতুন নির্মাণাধীন ভবন।

এদিকে মামলার বাদী আলম সাইর এমন ঘটনার বর্ণনা উল্লেখ করে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির ও থানার কথিত সোর্স বাসুকে আসামি করে বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং সিআর ৩৪২/২৬।

আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।