বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে অবস্থিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান প্রকল্পটির দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরবর্তী সময়ে কাজটির দায়িত্ব হাতবদল হয়ে বর্তমানে বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা প্রকল্পটি বাস্তবায়ন করছেন।
২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করেন।
ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, প্রকল্পের কাজ শুরু থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান বিভিন্ন অজুহাতে তার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় তাকে নানা ধরনের হয়রানি করা হয় এবং প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ঠিকাদার শেখ নোমান রেজা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল সোমবার বেলা ১১টার দিকে আমতলী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পৌরসভার সামনে থেকে এক লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান কাজের শুরু থেকেই ঘুষের টাকার জন্য আমাদের নানা ধরনের হয়রানি করে আসছিলেন। তার চাহিদামতো ঘুষ না দেওয়ায় কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করি। আজ দুদকের অভিযানে এক লাখ টাকাসহ তাকে আটকের ঘটনায় আমার অভিযোগের বিষয়টি সামনে এসেছে।
দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। মঙ্গলবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।


