সিএনজি অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, দীর্ঘ ১৮ বছরের বিচারিক লড়াই, আর অবশেষে ন্যায়বিচার। মৌলভীবাজারের রাজনগরে চাঞ্চল্যকর সিএনজি চালক মোছাব্বির হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তাজুল ইসলাম, নুর উদ্দিন, হরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া (পলাতক), খুরশেদ মিয়া (পলাতক)।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রাজনগরে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোছাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মোট আসামি ছিলেন ৬ জন। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন ছিল।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।
দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় নিহত মোছাব্বিরের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


