মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্ভর) রাত একটার দিকে হযরত আলীর মার্কেটের সামনে থেকে ৩টি এবং বুধবার ভোর ৬টার দিকে বোলতলা ব্রিজের ওপর থেকে ৩টি ককটেল উদ্ধার করে বিজিবি ও পুলিশের একটি টিম। ককটেলের সাথে ‘জয় বাংল’ লেখা চিরকুট জব্দ করা হয়েছে।
জানা গেছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়া। ককটেলের সাথে ওপরে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট লাগানো ছিল। তেঁতুলবাড়ীয়া বিবিজি ক্যাম্প ও গাংনী থানা পুলিশের ঘটনাস্থলে গিয়ে ৩টি ককটেল ও চিরকুট উদ্ধার করে।
এদিকে ভোরে তেঁতুলবাড়ীয়া গ্রামের বোলতলা ব্রিজের ওপরে ককটেলের পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। একই গ্রামের পৃথক দুটি স্থান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর জন্য ককটেলগুলো রেখেছে দুর্বৃত্তরা। নাশকতাকারীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিমের অভিযান চলমান রয়েছে।


