মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। পরে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে ফেলেন। তবে এ সময় ম্যুরালের মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল।
দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা সেই কাঠামোতেই এবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি স্থাপন করা হলো।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মাওলানা আবদুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন। তার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।


