...|...|...

সারাদেশ

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৭
Shares
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

শ্রমিক অসন্তোষের কারণে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। পরে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।