চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতাদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হলে ওই বিএনপি নেতাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। পরে পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, রাতের ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেন। কয়েক সেকেন্ডের মধ্যে মিছিল শেষ করে তারা সেখান থেকে সরে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভোরের মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাতের নাশকতার ঘটনা সম্পর্কে ওসি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে নাশকতা প্রতিরোধ এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের মাধ্যমে মহাসড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে পাঁচ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। এ কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় কয়েকজন সন্ত্রাসী জনশূন্য সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে তারা মাঠে রয়েছেন।
অন্যদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। তার ছেলের কর্মকাণ্ডের বিষয়ে তাকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। ছেলেকে এসব কার্যক্রম থেকে বিরত রাখতে বলা হলেও তিনি তা করতে পারেননি। এ কারণে সোমবারের ঘটনার পর তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।


