...|...|...

সারাদেশ

কুমিল্লায় আ.লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে অগ্নিসংযোগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫
Shares
কুমিল্লায় আ.লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরীর রামঘাট এলাকায় দলটির কার্যালয় এবং মুন্সেফবাড়িতে বাহারের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত অফিসে আগুন দেওয়া হয়। এ ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে উপস্থিত হন। সেখানে তারা গোপালগঞ্জে থানায় হামলা ও এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে স্লোগান দেন। পরে বাড়ির নিচতলায় বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর কার্যালয়ের সামনে কাগজ ও কাঠের ওপর পেট্রোল ঢেলেও আগুন দেওয়া হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মালামাল লুটের ঘটনাও ঘটে। এরপর থেকে নৈশপ্রহরী ছাড়া পরিবারের কোনো সদস্য সেখানে অবস্থান করছেন না।

এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালানোর পাশাপাশি কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।