...|...|...

সারাদেশ

ইতালি পাঠানোর নামে ওমানে নির্যাতন

জাজিরায় মানবপাচার মামলার আসামি গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৯
Shares
জাজিরায় মানবপাচার মামলার আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত শাহিন মাদবর (৫৫)। ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে ওমানে নিয়ে আটকে রেখে শারীরিক-মানসিক নির্যাতন এবং চুক্তি অনুযায়ী লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মানবপাচার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে শরীয়তপুরের জাজিরা থানা-পুলিশ।

গ্রেফতারকৃত শাহিন মাদবর (৫৫) জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কোরবান হাজীর কান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে গ্রেফতারকৃত আসামি শাহিন মাদবরকে শরীয়তপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, জাজিরার পালেরচর এলাকার বাসিন্দা আলমগীর ফরাজী তার ছোট ভাই মো. সেলিমকে ইতালি পাঠানোর জন্য আসামিদের সাথে ২২ লাখ টাকার লিখিত চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, পাসপোর্টের সাথে অগ্রিম ৭ লাখ টাকা এবং সেলিমকে ওমানে নেওয়ার পর বাকি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়। তবে ওমানে পৌঁছানোর পর সেলিমকে ইতালি না পাঠিয়ে একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করা হয়।

পরবর্তীতে আসামি পক্ষ সেলিমকে ইতালিতে পাঠানোর অজুহাতে আরও ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে সেলিমের লাশ গুম করার হুমকি দেয়। উপায় না পেয়ে ভুক্তভোগীর পরিবার ধারদেনা করে ২০২৬ সালের ৫ আগস্ট সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের বাড়িতে আরও ৮ লাখ টাকা হস্তান্তর করে। সর্বমোট ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও সেলিমকে ইতালি পাঠানো হয়নি; উল্টো তার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। নির্যাতন সহ্য করতে না পেরে সেলিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গত ৭ অক্টোবর থেকে পরিবারের সাথে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার আসামিদের সাথে দেখা করে ভাইয়ের সন্ধান চাইলে তারা টাকা নেওয়া ও বিদেশে পাঠানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে এবং মামলা না করার জন্য পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আলমগীর ফরাজী প্রথমে জাজিরা থানায় গেলে তাকে আদালতের পরামর্শ দেওয়া হয়। পরে তিনি শরীয়তপুরের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে মো. ফারুক হোসেন মাদবর (৫২), মো. শাহিন মাদবর (৫৫) এবং ফারুকের স্ত্রী শাহানাজ বেগমকে (৪২) আসামি করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণ করে জাজিরা থানাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আদালতের নির্দেশে দায়েরকৃত মানবপাচার মামলায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শাহিন মাদবরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারসহ তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দীর্ঘদিন ধরে নিখোঁজ সেলিমের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনেরা। ভুক্তভোগী সেলিমকে দ্রুত ওমান থেকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্য আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তার পরিবার।