...|...|...

সারাদেশ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:১৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৯
Shares
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের দুই প্রান্তে মোট ৯টি ফেরি আটকা পড়েছে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি নোঙর করে রাখা হয়েছে। এছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়েছে।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি অবস্থান করছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতিগুলো দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।