নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফুটপাতে পড়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি মাত্র দুই মিনিটের মধ্যে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় সড়কের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন।
পুলিশ জানায়, বুধবার ভোরে এক অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে নারায়ণগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স ভবনসংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের সামনে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি পুরোনো লেগুনায় আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারী ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় গাড়ি দুটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, এটি পরিকল্পিত নাশকতা। ফুটেজে দেখা গেছে, ভোর ৪টা ২৩ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এরপর ফুটপাতে পড়ে থাকা লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে, অর্থাৎ ৪টা ২৫ মিনিটে, সেখান থেকে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, ‘ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পেয়েছি। ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলে আসা ওই দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে আমাদের জোর কার্যক্রম পরিচালনা করছি।’


