...|...|...

সারাদেশ

গাজীপুরের ৪০ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
গাজীপুরের ৪০ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজীপুরের ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ, ভাঙচুর ও বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনার পর পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে জেলার বিভিন্ন এলাকার ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে মহানগরীর মালেকের বাড়ি ও ভোগড়া এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।