...|...|...

সারাদেশ

গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার, মোট ১৪ প্লাটুন মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৮
Shares
গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার, মোট ১৪ প্লাটুন মোতায়েন

গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার। ছবি: টাইমস টুডে

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার আশঙ্কায় গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। নতুন করে এসব সদস্য মোতায়েন হলে জেলায় মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতা প্রতিরোধে নতুন করে ৮ প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

নতুন করে মোতায়েন করা সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবেন তাঁরা।

এ ছাড়া শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা জোরদারেও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।