টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করায় চার সাংবাদিককে কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে সখীপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। পরে শনিবার দুপুরে গ্রেফতার সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার সাংবাদিকরা হলেন এনটিভি ডিজিটালের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
সাংবাদিকদের অভিযোগ, দেওবাড়ী বাজার এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন চলার গোপন তথ্য পেয়ে শুক্রবার বিকেলে তারা সেখানে যান। এ সময় তারা গাঁজা সেবনের ভিডিও ধারণ করেন। পরে বাড়ির মালিকের স্ত্রী সাবেক এক ইউপি সদস্যের ছেলে জাহিদকে ফোন করেন। জাহিদ মাদকসেবীদের ছেড়ে দিয়ে সাংবাদিকদের বাজারে দেখা করতে বলেন।
সাংবাদিকরা পুলিশে খবর দেওয়ার কথা জানালে জাহিদ ঘটনাস্থলে আসার কথা বলে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর তিনি সেখানে গিয়ে মাদকসেবীদের ছেড়ে দেন বলে অভিযোগ সাংবাদিকদের।
তাদের দাবি, পরে বাজারে নিয়ে স্থানীয় লোকজনকে জড়ো করে তাদের আটকে রাখা হয়। এ সময় কৌশলে এক সাংবাদিকের পকেটে আট হাজার টাকা ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। কয়েক ঘণ্টা আটকে রাখার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, মাদকসেবীদের ভয় দেখিয়ে সাংবাদিকরা চাঁদা দাবি করেন। পরে ভয়ে মাদকসেবীরা আট হাজার টাকা দেন। বাজারে আসার পর স্থানীয় লোকজন সাংবাদিকদের আটক করেন বলে তিনি শুনেছেন।
অন্যদিকে সাংবাদিকদের অভিযোগ, মাদকসেবীদের আত্মীয়স্বজন তাদের সংবাদ প্রকাশ না করতে এবং মাদকসেবীদের পুলিশের হাতে তুলে না দিতে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, মাদকসেবীদের সাথে ফজলুর রহমান ফজলুর আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
আদালতে নেওয়ার সময় এনটিভি ডিজিটালের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন বলেন, ‘মাদকসেবীদের আত্মীয়স্বজনরা নিউজ না করার জন্য ও তাদের পুলিশের হাতে তুলে না দেওয়ার জন্য আমাদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করে। আমরা ম্যানেজ না হলে মব সৃষ্টি করে জাহিদ ও ফজলুর রহমান ফজলু আমাদের আটকে রাখে। এ সময় আমাদের এক সহকারীর পকেটে কৌশলে আট হাজার টাকা ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলে।’
এদিকে সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগে যার কাছ থেকে চাঁদা নেওয়ার কথা বলা হয়েছে, তিনি নিজে কোনো অভিযোগ করেছেন কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে বিষয়টি সঠিকভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।


