জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শরীয়তপুরের কয়েকটি এলাকায় রবিবার (১৫ নভেম্বর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার পাশাপাশি বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের নিরাপত্তার স্বার্থে পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর টুমচর ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এ জন্য রবিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টুমচর ফিডারের আওতাধীন কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।


