কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসা শিক্ষক মো. ওয়ালী উল্লাহ সোহাগের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে উপজেলার গুনবতী বাজারে এ কর্মসূচি পালন করেন তারা।
‘সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একই গ্রামের বশর ও নসর ষড়যন্ত্রমূলকভাবে সোহাগকে মামলায় জড়িয়ে গ্রেফতার করিয়েছেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা বলেন, একজন মাদ্রাসা শিক্ষককে এভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সোহাগের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন থেকে আরও বলা হয়, দ্রুত সোহাগের মুক্তি নিশ্চিত করা না হলে গুনবতীসহ আশপাশের এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে মামলার বাদী, সাক্ষী ও নেপথ্যে ইন্ধনদাতাদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।


