জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা এ কার্যক্রম চলবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় ও আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


