...|...|...

সারাদেশ

নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ তরুণ নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ৮:২৪
Shares
নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ তরুণ নিহত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার–চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ও পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি নির্মাণাধীন সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি পিছলে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান জানান, স্থানীয়দের ভাষ্যমতে অতিরিক্ত গতির কারণে সড়কে থাকা বালুতে পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।