...|...|...

সারাদেশ

মানিকগঞ্জে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধ, লাঠির আঘাতে নিহত ১

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১:০৪
Shares
মানিকগঞ্জে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধ, লাঠির আঘাতে নিহত ১

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে আহত রমজান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলা করা হয়। আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।