...|...|...

সারাদেশ

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম বদলে পুরোনো নামের ব্যানার টানাল ছাত্রলীগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম বদলে পুরোনো নামের ব্যানার টানাল ছাত্রলীগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের দেয়ালে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী কলেজে গিয়ে এ ব্যানার লাগান। পাশাপাশি কলেজের দাফতরিক কার্যক্রমসহ সব ক্ষেত্রে আগের নাম ফিরিয়ে আনার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অনুরোধ জানান তারা।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে যান।

সেখানে অধ্যক্ষের সাথে কথা বলার সময় তারা দাবি করেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তী সরকার দিয়েছে। এ কারণে কলেজের পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ পুনর্বহালের অনুরোধ জানান তারা। পরে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার জানান, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে আগের নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। কলেজের দাফতরিক কাজে পুরোনো নাম ব্যবহার এবং বিভিন্ন স্থানে থাকা ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামের লেখাগুলো পরিবর্তনের কথাও বলেন তারা। তবে এ সময় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত হননি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।