...|...|...

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত, তারা সবাই নজরদারিতে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০০
Shares
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত, তারা সবাই নজরদারিতে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সাথে যুক্ত আছেন এবং তারা কঠোর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছি। রাজনৈতিক দল হিসেবে এর কোনো স্বীকৃতি নেই, বাংলাদেশের মানুষও দেবে না। চব্বিশের গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে এবং তারা পালিয়ে নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে এ বিষয়ে নতুন কোনো বক্তব্য নেই।’

জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, গণহত্যা চালিয়ে যেসব অপশক্তি, মাফিয়া ও ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ থেকে বিতাড়িত হয়েছে, পৃথিবীর ইতিহাসে তারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি।

পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জাতীয় সংসদেও বলেছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না; কারণ গণতান্ত্রিক আচরণ তাদের মধ্যে কখনো ছিল না।

এখন তারা ফিরতে পারে কেবল প্রত্যর্পণ চুক্তি অনুসারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আমরা সংশ্লিষ্ট দেশকে এ বিষয়ে চিঠি দিয়েছি। তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।’