কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে। এ কারণে সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি—উভয় পদ্ধতি কার্যকর থাকবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১৪ ডিসেম্বর।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। পাশাপাশি সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।


