পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে তপশিল ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তালিকা প্রকাশ করা হয়।
ইসির তথ্যমতে, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
এর আগে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের সময়সূচি নির্ধারিত রয়েছে।
কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, ‘পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।’

