...|...|...

জাতীয়

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৯
Shares
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা দায়েরের পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

বরখাস্ত থাকাকালে তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন দেব্রত সরকারকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।