যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রায় ৫০ কোটি ডলার খরচের পর এখন তার মনে হচ্ছে, এত অর্থ ব্যয় করাটা বুদ্ধিমানের কাজ হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা।
মাস্ক বলেন, এত টাকা খরচ করে এর বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।
তবে তার ধারণা, তিনি আর্থিক সহায়তা না দিলে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় আরও বড় হতে পারত। একই সাথে এবারের ফলাফলে এটাও স্পষ্ট হয়েছে যে, শুধু নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করলেই জয় নিশ্চিত হয় না।
মাস্ক বলেন, সম্ভবত সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারলে আমি কম অর্থ খরচ করতাম।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল টেক্সাসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা।
টেক্সাস মাস্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম এই অঙ্গরাজ্যে রয়েছে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পরিকল্পিত চিপ উৎপাদন উদ্যোগের ক্ষেত্রেও টেক্সাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে নির্বাচনে রিপাবলিকানরা প্রত্যাশিত ফল পায়নি। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। টেক্সাসেও রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা।
এ ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ব্যাপক অর্থ ব্যয় করেছিলেন।
বিশেষ করে টেক্সাসের সিনেট নির্বাচনের দিকে মাস্কের নজর ছিল বেশি। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো।


