...|...|...

বিশ্ব

ড. ইউনূসের বাড়ি-গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় মিডিয়ায় উঠে এলো আ. লীগের নাশকতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৮
Shares
ড. ইউনূসের বাড়ি-গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় মিডিয়ায় উঠে এলো আ. লীগের নাশকতা

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঢাকায় লকডাউনের আগে বিভিন্ন স্থানে ককটেল ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

প্রতিবাদ কর্মসূচির আগে ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বাংলাদেশি গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, বুধবার মধ্যরাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অস্থিরতার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি জানান, অডিও ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

ঢাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা মোতায়েনের মধ্যেও বৃহস্পতিবার ভোরের আগে বিভিন্ন স্থানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পাওয়া যায়।

এদিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেন। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সিলেট, রাজশাহী, বরিশাল ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিচতলায় কেউ বসবাস করেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের ভাইদের পরিবারের সদস্যরা থাকেন।

শেখ হাসিনার সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তার সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং গণহত্যা থেকে গণপিটুনিসহ বিভিন্ন অভিযোগে দলটির হাজারো নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত দুই দিনে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ২৮ জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নড়াইলে একটি সড়ক মিছিলে আওয়ামী লীগের কর্মীদের হামলায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় দুই নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ এবং ‘পতিত, পরাজিত ও উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি’ হিসেবে আখ্যা দেন। সংসদে সাবেক মিত্র জামায়াতে ইসলামী বর্তমানে প্রধান বিরোধী দল হিসেবে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন, ২০২৪ সালের সেই চেতনায় আমরা আবার ঐক্যবদ্ধ হই, যখন আমরা স্বৈরাচারী শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম এবং নিশ্চিত করি যে, সেই শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়।

বুধবার রাতেও তিনি ‘গণতান্ত্রিক শক্তিগুলোকে’ ঐক্যবদ্ধ হয়ে দলটির সম্ভাব্য ‘পুনরুত্থান’ ঠেকানোর আহ্বান জানান।

এর আগে বিএনপির সংসদ সদস্যদের দ্রুত নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় করার নির্দেশ দেন তিনি। শুধু রাষ্ট্রীয় প্রশাসনের ওপর নির্ভর না করার কথাও বলেন প্রধানমন্ত্রী।