গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। তিনি বলেন, ‘সকালে বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপির বাড়িতে এসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেয়।’
বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, সকালে একটি মিছিল নিয়ে ‘বিক্ষুব্ধ জনতা’ সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরও আগে গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
একের পর এক সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।


