ইসরায়েলের পূর্ব গ্যালিলি অঞ্চলের আরব অধ্যুষিত এদ-দাহি গ্রামে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মসজিদটির ইমাম ওয়াফাকে বলেন, তিন ব্যক্তি প্রথমে মসজিদে ঢোকার চেষ্টা করেন। পরে তারা ভেতরে একটি মলোটভ ককটেল ছুড়ে দেন। এতে মসজিদে আগুন ধরে যায়।
ইমামের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মসজিদের দেয়ালে বিদ্বেষমূলক বার্তাও লিখে যায়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এটিকে ঘৃণ্য বিদ্বেষমূলক অপরাধ বলে উল্লেখ করেন।
লাপিদ বলেন, এই হামলা ইহুদি বা ইসরায়েলি—কোনোটিই নয়।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীকে এই অপরাধে জড়িত সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।


