...|...|...

বিশ্ব

ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ লড়াইয়ে নামছে নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৬
Shares
ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ লড়াইয়ে নামছে নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সময় সম্ভবত শেষের পথে—তবে শর্ত একটাই, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধীরা কার্যকর একটি সরকার গঠন করতে পারলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, নতুন সরকার গঠনের ক্ষেত্রে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সমর্থনের প্রয়োজন হতে পারে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নেতানিয়াহু আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন এবং নির্বাচনে তারা কারচুপি করেছে—এমন ভিত্তিহীন অভিযোগও তুলছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল-জাজিরার ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু যে রাজনৈতিক পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, তার প্রভাবে ডানপন্থী কিছু বিক্ষোভকারী গৃহযুদ্ধের হুমকিও দিয়েছেন।

সমালোচকদের কেউ কেউ আরও অভিযোগ করছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উসকে দিচ্ছেন।

কিংস কলেজ লন্ডনের ইসরায়েলবিষয়ক বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, নেতানিয়াহু আহত প্রাণীর মতো আচরণ করছেন।

তিনি আরও বলেন, তার কাছে নির্বাচনে হার শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার বিবেচনায় নিলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ সেই মামলায় তার কারাদণ্ডও হতে পারে।